অনেক দিন ধরে গুঞ্জন, ফিলিপে কৌতিনিয়োকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। অবশেষে ক্লাবটির পক্ষ থেকে ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডারকে জানানো হয়েছে অন্য কোনো ক্লাবে তাকে ধারে পাঠানো হতে পারে। এ ব্যাপারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সঙ্গে বার্সেলোনার কথা-বার্তা চলছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার গ্রীষ্মকালীন দল-বদলের সময় শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত মৌসুমের শেষ থেকেই কুতিনহো বার্সেলোনা ছাড়ছেন বলে গুঞ্জন। অঁতোয়ান গ্রিজমান ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর তার ক্লাব ছাড়ার সম্ভাবনা আরো স্পষ্ট হয়ে ওঠে। নেইমারকে আবারও বার্সায় ফেরাতে বড় অঙ্কের ট্রান্সফারের ঘাটতি পূরণ করতে কৌতিনিয়োকে ছাড়তে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা।
এদিকে, কৌতিনিয়োকে দলে পেতে টটেনহ্যামের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ইংলিশ লিগের আরেক ক্লাব আর্সেনাল। তবে নেইমারকে আনতে টাকার প্রয়োজন হলেও কৌতিনিয়োকে আপাতত একবারে ছাড়তে চাইছে না বার্সা। ২৭ বছর বয়সী এই খেলোয়াড়কে ধার দিতে টটেনহ্যামের কাছে প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। এ ব্যাপারে টটেনহ্যাম কি সিদ্ধান্ত নেয় তা দেখতে ট্রান্সফারের শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
