চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মিজানুর রহমান (৪২) নামের এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকার মাতুআইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়াতেন ৪ সন্তানের জনক মিজানুর রহমান। গত ২৪ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে মিজানুর রহমান। পরে ঢাকার মাতুআইলে একটি বাসায় ছাত্রীটিকে আটকে রেখে ধর্ষণ করে সে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর থানা পুলিশ ছাত্রীটিকে উদ্ধার অভিযানে নামে। বুধবার ভোরে ঢাকার মাতুআইল এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধারের সাথে অপহরণকারী মিজানুর রহমানকেও আটক করতে সমর্থ হয় ফরিদগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, ছাত্রীকে প্রাইভেট পড়াতো এই শিক্ষক। সে ছিল অনেক ধূর্ত প্রকৃতির। ছাত্রীকে অপহরণ করে ঢাকা নিয়ে জোর করে তাকে ধর্ষণ করে। পরে আমরা অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি ওই শিক্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হই। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটক গৃহশিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
