সম্প্রতি রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
বুধবার রাতে নিপুণ রায় চৌধুরী, তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন বাড্ডায় রেনুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন এবং ঈদসামগ্রী উপহার তুলে দিয়েছেন।
রেনুর চার বছরের ছোট্ট মেয়ে তুবা ও ১১ বছরের ছেলে তাসফিক আল মাহির জন্য জামা, পাঞ্জাবি, চকলেটসহ ঈদসামগ্রী উপহার দিয়েছে দলটি।
সম্প্রতি সারাদেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় দলটির হাইকমান্ড স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে আহ্বায়ক ও নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সদস্য সচিব করে ‘নারী ও শিশু অধিকার রক্ষা ফোরাম’ নামে ৫১ সদস্যের একটি কমিটি গঠন করে।
এরই অংশ হিসেবে রেনুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তারা। পাশাপাশি আইনি সহায়তারও প্রতিশ্রুতি দেন।
ঈদ উপলক্ষে চার বছরের ছোট্ট তুবা ও ১১ বছরের তাসফিক আল মাহির জন্য জামা, পাঞ্জাবি, চকলেটসহ ঈদসামগ্রী নিয়ে যান তারা। এ সময় রেনুর মায়ের আহাজারিতে কিছুক্ষণের জন্য হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিপুণ রায় চৌধুরী বলেন, দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা হচ্ছে- নিজেরা ক্ষমতাসীনদের দ্বারা নির্যাতনের শিকার হলেও বিএনপির নেতাকর্মীদের যেকোনোভাবে দেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
