রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের তার: চিকিৎসকের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১০:২৪ পিএম

রাজধানীর গ্রিনরোডে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ছিল বৈদ্যুতিক তার। আর তাতে জড়িয়ে প্রাণ হারালেন চিকিৎসক ডা. পলাশ দে।

তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি দুপুরের খাবার খেতে ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের গলির মুখে পৌঁছেই বিদ্যুতায়িত হয়ে পড়েন।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুতের তার পড়েছিল। সেই তারে জড়িয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে স্বজনেরা অ্যাম্বুলেন্সে তাকে গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যূ হয়।

আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। কীভাবে বিদ্যুতের তার রাস্তার মধ্যে পড়েছিল সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাস করা এই চিকিৎসক দেড় বছর আগে গ্রিন লাইফ হাসপাতালে যোগদান করেন।

তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত