কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভকে গ্রেপ্তারে একটি অভিযান ব্যর্থ হয়েছে। অভিযানে গিয়ে ধরা পড়েছেন বিশেষ বাহিনীর ছয় সেনা। গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্য এশিয়ার দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা গুলির পরিবর্তে রাবার বুলেট নিয়ে আতামবায়েভের বাসায় অভিযানে যান বলে খবর পাওয়া যায়। ওই সময় সমর্থকরা সাবেক প্রেসিডেন্টকে রক্ষায় অস্ত্র হাতে নেন। এতে এক সেনা কর্মকর্তা নিহত হন। ধরা পড়েন ছয় সেনা। গতকালই বন্দিদের ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন আতামবায়েভ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের উপকণ্ঠে নিজ ভবনে থাকা আতামবায়েভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। যদিও তিনি তা অস্বীকার করেছেন। চলতি বছরের জুনে তাকে রেহাই দেওয়ার বিষয়টি প্রত্যাহার করেছে পার্লামেন্ট। তবে আতামবায়েভের দাবি, সাবেক মিত্র ও উত্তরসূরি সুরনবায় জিনবেকভের পরিকল্পনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
