প্রসেনজিৎকে সরানো হলো, নতুন চেয়ারম্যান রাজ চক্রবর্তী

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১২:১৫ পিএম

কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ) কমিটির চেয়ারম্যান থাকছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তা-ই হলো। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী।

কাজের ব্যস্ততার জন্য প্রসেনজিৎ কমিটির কয়েকটি মিটিংয়ে থাকতে পারেননি। সেখান থেকেই আঁচ করা হয়েছিল যে, এই পদে নতুন মুখ দেখা যেতে পারে। যদিও গুঞ্জন উঠেছে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠকের জেরে প্রসেনজিৎকে সরানো হয়েছে।

এ দিকে আনন্দবাজার পত্রিকাকে রাজ বলেন, ‘‘আমিও লোক মারফত শুনছি। চূড়ান্ত কিছু জানি না। তবে সরকারের পক্ষ থেকে যদি এই দায়িত্ব আমাকে দেওয়া হয়, তা পালনের সব রকম চেষ্টা করব। ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার সব চেষ্টা করব।’’

তথ্যচিত্র ও শর্টফিল্ম বিভাগের চেয়ারম্যান হিসেবে রাজকে আগেই দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, কেআইএফএফ একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে, যেখানে সাবেক চেয়ারপারসনদের রাখা হয়েছে। গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ প্রমুখ থাকছেন সেই কমিটিতে। এ ছাড়া মাধবী মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন প্রবীণ শিল্পীও থাকছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত