পাটুরিয়ায় সহস্রাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায়

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০৫:৫৫ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রবেশ পথ পাটুরিয়ায় সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বৈরী আবহাওয়া থাকায় এ পথে ভোগান্তি বেড়েছে।

শুক্রবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে শুক্রবার বিকেল ৩টার দিকে পণ্যবাহী বাহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বেশি থাকলেও যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল কম।

বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টি এবং বাতাসে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হয়। নদীতে তীব্র স্রোত থাকায় এক থেকে সোয়া ঘণ্টা সময় লাগছে ফেরি পার হতে। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহাকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, শুক্রবার ভোর থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। বিশেষ করে ছোট গাড়ির চাপ সবচেয়ে বেশি। শুক্রবার বিকেল পর্যন্ত ছোট-বড় মিলিয়ে সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে নদীতে স্রোত না থাকলে ও বৃষ্টি না হলে সমস্যা হতো।

শুক্রবার দিনভর থেমে থেকে বৃষ্টি হয়েছে। এতে পানিতে ফেরিঘাটের পন্টুন এলাকা পিচ্ছিল হয়ে যাওয়ায় লোড-আনলোডেও ব্যয় হচ্ছে অতিরিক্ত সময়। যে কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরি রয়েছে। আর পাটুরিয়া এবং আরিচা কাজিরহাট নৌ-রুটে ৩৪টি লঞ্চ চলাচল করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত