বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বাদ পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। এর মধ্যে কানাডায় চলতি গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্যুতি ছড়ালেন শোয়েব মালিক। ব্যাট হাতে বিশাল ছক্কা হাঁকিয়ে ড্রেসিংরুমের কাঁচ ভাঙলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক!
এই মুহূর্তে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলছে বিশ্বের অনেক তারকা ক্রিকেটারই। ভাঙ্কুভার নাইটসের হয়ে খেলছেন মালিক। বৃহস্পতিবার ব্রাম্পটন উলভসের বিরুদ্ধে শোয়েব জোড়া ছক্কাতে ভেঙে যায় সিএএ সেন্টারের ড্রেসিংরুমের কাঁচ। প্রথমে ব্যাটিং করে ভাঙ্কুভার নাইটস। বৃষ্টির কারণে ২০ ওভারের সংখ্যা কমে ১৬ ওভারের ম্যাচ হয়। শোয়েব ও আন্দ্রে রাসেলের ব্যাটে চার উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ভাঙ্কুভার নাইটস।
ইনিংসের ১৩তম ওভারে নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধি এবং পাক পেসার ওয়াহাব রিয়াজকে দুটি বিশাল ছক্কা মারেন শোয়েব৷ দুটি ছক্কা দুটি গ্লাস উইন্ডো ভেঙে যায়। সোধির বিরুদ্ধে ৬৮ মিটার লম্বা ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় ছয়টি আসে রিয়াজের ওভারে। সোধির বলে একটি কাঁচ ভেঙেও ক্ষান্ত হয়নি পাক ব্যাটসম্যান। পরে রিয়াজকে ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে ছক্কা মেরে আরও একটি গ্লাস উইন্ডো ভাঙেন শোয়েব।
শেষ পর্যন্ত ২৬ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শোয়েব। ইনিংসে তিনটি ছয় ও চারটি বাউন্ডারি হাঁকান তিনি। শোয়েবের মতোই ভয়ঙ্কর ছিলেন রাসলেও। ২১ বলে ৪৩ রান করেন তিনি। ক্যারিবিয়ান অল-রাউন্ডার চারটি ছয় ও চারটি বাউন্ডারি মারেন রাসেল। স্ট্রাইক-রেট ২০০ বেশি।
রান তাড়া করতে নেমে ১০৩ রান তোলে ব্রাম্পটন। ক্যাপ্টেন কলিন মুনরো ৬২ রান করেন। সোধি করেন ৯ রান। বাকি কোনও ব্যাটসম্যান ৯ রানেও পৌঁছতেও পারেননি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডাকওয়ার্থ-লুইস নিয়ে ৭৭ রানে ম্যাচ জিতে নেয় ভাঙ্কুভার নাইটস।
