১৯৯০ এর দশক থেকে এই শতকের শুরুর কয়েক বছর বলিউড কাঁপিয়েছিল রাভিনা ট্যান্ডন ও গোবিন্দের ব্যবসাসফল কিছু সিনেমা। অতি সম্প্রতি তাদের ‘আঁখিও সে গুলি মারে’ গানের রিমিক্সের সাফল্য থেকে সেই জনপ্রিয়তার কিছুটা আঁচ পাওয়া যায়।
একাধিক বাম্পার হিটের কারণে সে সময় রাভিনার সঙ্গে কয়েকজন নায়ককে নিয়ে গুঞ্জন ছিল। তবে গোবিন্দের সঙ্গে অফস্ক্রিন কিছুর ফিসফাস ছিলো না। একদম পরিষ্কার ইমেজ এই জুটির।
তবে এবার হলো কী! ‘ম্যায় লায়লা লায়লা চিল্লাউঙ্গি কুর্তা ফাঁড়কে’ গানের তালে তালে দুজন খুব নেচে যাচ্ছিলেন। হঠাৎ-ই আসরে হাজির গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা।
নিমেষে যেন তাল কেটে গেল। গোবিন্দের চোখ-মুখের ভাব বদলে গেল। গলা যেন শুকিয়ে যাচ্ছে। তাকে অবাক করে নাচের মুদ্রায় শামিল হলেন সুনীতা। এর পর তিনজন মিলে জমিয়ে দিলেন ড্যান্স ফ্লোর।
আসলে পুরো গল্পটাই রিয়্যালিটি শো ‘নাচ বালিয়ে’ সিজন নাইনের চিত্রনাট্য অনুসরণ করে ঘটেছে। ওই সময় গোবিন্দের অবস্থা দেখে হেসে খুন অনুষ্ঠানে হাজির বিচারকরা। সেই দৃশ্য প্রোমো আকারে প্রকাশ হয়েছে। তা এখন অনলাইনে ভাইরাল।
