দক্ষিণ ভারতের সুপারস্টার রজনিকান্ত তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করেছেন। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নিয়ে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করায় আলোচিত-সমালোচিত দুই নেতাকে হিন্দুদের দেবতা কৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে তুলনা করেছেন।
বছর দুই আগে নতুন দল চালু করে রাজনীতিতে নাম লেখানো রজনিকান্ত বলেন, ‘কাশ্মীর মিশনে আপনাদের জন্য আমার অভিনন্দন। সংসদে যে বক্তৃতা আপনারা দিয়েছেন, তা ছিল দারুণ। অমিত শাহ এবং মোদি ঠিক কৃষ্ণ-অর্জুনের মতো। দেশ এবং আপনাদের জন্য শুভকামনা।’
হিন্দু ধর্মগ্রন্থে অর্জুন এবং কৃষ্ণের যুগলবন্দী বহুল আলোচিত। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের যুদ্ধরথের সারথী হন কৃষ্ণ। অর্জুনকে নানা পরামর্শ দিয়ে ওই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ভারতীয় রাজনীতিতে গত কয়েক বছর ধরে অমিত-মোদি বহুল আলোচিত দুই নাম। হিন্দুত্ববাদী চিন্তাধারার বিস্তার ঘটানোয় তাদের নিয়ে সমালোচনাও কম নয়।
গত সোমবার এই দুজনের নেতৃত্বে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ হয়। যার কারণে দেশটির অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হচ্ছে। কাশ্মীরিরা মনে করছেন, এই সিদ্ধান্তের কারণে তাদের স্বাধীনতা হরণ করা হয়েছে।
রজনিকান্ত ভারতীয় বিনোদন জগতে তুমুল জনপ্রিয় এক নাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ তার প্রথম ছবি। অসচ্ছল জীবনের সঙ্গে লড়াই করে শৈশব কাটিয়েছেন। বাসের হেলপার হিসেবে কাজ করা অবস্থায় নাটকে টুকটাক অভিনয় করতেন।
১৯৭৩ সালে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের ওপর ডিপ্লোমা করার জন্য মাদ্রাজে আসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে একসময় তারকা বনে যান। তিনি ২০০০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ অর্জন করেন।
