কংগ্রেসসহ একাধিক বিরোধী দলের প্রবল আপত্তির মুখে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। এ নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক ও সমালোচনা। তাতে আরও ঘি ঢেলে দিলেন তামিলনাডুর এমডিএমকে দলের প্রধান নেতা ভাইকো।
এনডিটিভি জানায়, সোমবার এমডিএমকে প্রতিষ্ঠাতা ভাইকো বলেন, ভারতের স্বাধীনতা অর্জনের শতবর্ষ পূর্তিতে কাশ্মীর আর দেশটির অংশ থাকবে না।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভারত যখন তার স্বাধীনতার শততম বছর উদযাপন করবে তখন কাশ্মীর আর ভারতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। বিজেপি কাশ্মীরকে কাদার মধ্যে তলিয়ে দিয়েছে।”
ভাইকো আরও বলেন, “আমি এর আগেও কাশ্মীর সম্পর্কে আমার মতামত প্রকাশ করেছি। কাশ্মীর সমস্যার জন্যে ৭০ শতাংশ দায়ী বিজেপি ও ৩০ শতাংশ দায়ী কংগ্রেস।”
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। এর মাধ্যমে অঞ্চলটি কার্যত পুরোপুরি দখলে নিয়ে নিল ভারত।
ইতিহাসের সবচেয়ে কঠোর সামরিক পরিস্থিতি জারি করা হয়েছে সেখানে। মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।
গত নয়দিন ধরে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অঞ্চলটিকে। সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহসহ ৪০০ স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে ভারত সরকার।
এ দিকে রাজ্যসভার এমন সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসছে অঞ্চলটির জনগণ। কারফিউ ভেঙে এরই মধ্যে রাস্তায় নামা শুরু করেছে মানুষ। সরকারি এমন সিদ্ধান্তের পরদিন থেকে শ্রীনগরের বেশ কিছু জায়গা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার ঈদের দিন বন্ধ রাখা হয় অধিকাংশ মসজিদ। ছোট ছোট কয়েকটি মসজিদ ছাড়াও কোথাও ঈদের জামাতের অনুমতি মেলেনি। হয়নি কোরবানি পশু বেচাকেনা। কোরবানি দিতে না পেরে আরও বেশি ক্ষুব্ধ কাশ্মীরিরা। ফলে ঈদের দিনেও রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। তাদের ওপরে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দাবি করে।
