পাকিস্তানি বিয়েতে গান গেয়ে ভারতে নিষিদ্ধ মিকা সিং

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০১:০০ পিএম

পাকিস্তান-ভারতের বৈরী পরিস্থিতির আঁচ বেশ আগেই লেগেছে দুই দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে। কাশ্মীর নিয়ে অবস্থা আরও চরম আকার ধারণ করেছে। স্রেফ পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মিকা সিং-কে নিষিদ্ধ করা হয়েছে ভারতে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, জনপ্রিয় গায়ককে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে বলা হয়, ফিল্ম প্রোডাকশন হাউস, মিউজিক কোম্পানি ও অনলাইন মিউজিক কনটেন্ট প্রোভাইডাররা মিকাকে বয়কট করছে।

নিষেধাজ্ঞা এখানেই থেমে নেই। ওই সংগঠন জানায়, কোনো ভারতীয় যাতে মিকার সঙ্গে কাজ না করে সে দিকে নজর রাখা হবে। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এই বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশাররফের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর মেয়ের বিয়েতে মিকা সিং ও তার দলের গান গাওয়া ঘিরে তৈরি হয় এই সমস্যা।

৪২ বছরের মিকা বড় একটি দল নিয়ে করাচি যান এবং ৮ আগস্ট বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন। সেই অনুষ্ঠানের ভিডিও অতিথিরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে ক্ষুব্ধ হয় মিকার স্বদেশিরা।

এর আগে পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা হলেও নিজেদের শিল্পীদের ওপর এতটা ক্ষুব্ধ হতে দেখা যায়নি ভারতীয় পক্ষকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত