কয়েক বছর আগে জন্মদিনের পার্টিতে রাখি সাওয়ান্তকে জোর করে চুম্বন করার অভিযোগ ওঠে গায়ক মিকা সিং-এর বিরুদ্ধে। এর পর অনেক দিন দুজনের মুখ দেখাদেখি বন্ধ ছিল। এবার ফের মিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাখি।
সম্প্রতি পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিকা। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার পরই তাকে বয়কটের সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বা এআইসিডব্লিউএ।
মিকার পাকিস্তান সফরের কথা প্রকাশ্যে আসতেই মুখ খুললেন রাখি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন তিনি।
রাখি বলেন, “মাত্র কয়েকটা টাকার জন্য মিকা কীভাবে দেশের মান সম্মানের দিকে নজর না দিয়ে পাকিস্তানে অনুষ্ঠান করতে গেলেন? ভারতে গান গেয়ে কী না পেয়েছেন তিনি। নাম, যশ, অর্থ, প্রতিপত্তি, সবকিছুই অর্জন করেছেন বলিউড থেকে। কিন্তু বলিউডের কথা না ভেবে, দেশের সম্মান মাথায় না রেখে যে কাজ করেছেন- তা একেবারেই অনুচিত।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য একা লড়াই করছেন। তার পাশে সবার দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন রাখি।
আরও জানান, তিনি কখনো পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে কড়া কথা বলেন না। কিন্তু প্রতিবেশী দেশ যেভাবে নিজেদের হলে ভারতীয় সিনেমা বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় শিল্পীদের বয়কট করেছে, সেই সবকিছু মিকার মনে রাখা উচিত ছিল। কারণ ভারতের মানুষ মিকাকে ভালোবাসেন, পছন্দ করেন। তাই তাদের প্রত্যেকের মান, সম্মানের দিকে নজর দেওয়া উচিত ছিল।
