নারায়ণগঞ্জে কোরবানির মাংসের বস্তায় ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১০:৩০ পিএম

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকা থেকে দুই বস্তা ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলাল হোসেন (৩৫) ও মাসুম (৩৭) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার রাতে এলাকাবাসীর হাতে আটক হলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে ।

পুলিশ জানায়, মুহুরি পরিচয় দানকারী সদর উপজেলার তল্লা এলাকার দুলাল হোসেন ও সুতা ব্যবসায়ী পরিচয়ে মাসদাইর এলাকার মাসুম বস্তায় বস্তায় মাদকের চালান নিয়ে এনে গুদামজাত করতো ।

এমন ঘটনায় ওত পেতে থেকে এলাকাবাসী মৃত গিয়াস উদ্দিনের ছেলে আরজু হত্যা মামলার আসামি রমজানের বাড়ির নিচ তলার গোডাউন থেকে দুই বস্তা ফেনসিডিলসহ দুইজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ।

সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা দেশ রূপান্তরকে বলেন, দুই বস্তা ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। দুই বস্তায় মোট ১৭৩ বোতল ফেনসিডিল পাওয়া যায় । এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মুহুরি ও সূতা ব্যবসার পরিচয়ে পাইকারী মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

সদর থানার এসআই ফয়সাল আহমেদ দেশ রূপান্তরকে জানান, ঈদের পরদিন কোরবানির মাংসের কথা বলে দুই বস্তায় করে ১৭৩ টি ফেনসিডিল পাচার করা হচ্ছিল। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করে বস্তা তল্লাশি করে ফেনসিডিল পায়। থানায় খবর দিলে তাদের আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত