একগুচ্ছ পাখিকে ধাক্কা দিয়ে রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ভুট্টা ক্ষেতে জরুরি অবতরণ করেছে যাত্রীবাহী একটি বিমান। এ ঘটনায় বিমানটির ২৩ আরোহী আহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উড়াল এয়ারলাইন্সের ‘এয়ারবাস ৩২১’ বিমানটি মস্কো থেকে ক্রিমিয়ার সিমফেরোপোলে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি একগুচ্ছ শঙ্খচিলকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন অকেজো হয়ে যায়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জরুরি অবতরণকে ‘অলৌকিক’ আখ্যা দিয়েছে। বিমান কর্র্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে এটি আর উড়তে পারবে না। এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
বিমানটিতে যাত্রী ও ক্রু নিয়ে ২৩৩ জন আরোহী ছিলেন। পাখিগুলো বিমানে আটকে গেলে তাৎক্ষণিকভাবে ক্রুরা অবতরণের সিদ্ধান্ত নেন। এক যাত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, উড্ডয়নের পর বিমানটি মারাত্মকভাবে কাঁপতে থাকে। তিনি বলেন, ‘পাঁচ সেকেন্ড পর বিমানের ডান পাশের বাতিগুলো জ্বলতে থাকে এবং পোড়া গন্ধ পাওয়া যায়। এরপর আমরা নেমে দৌড়াতে থাকি।’
বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, ঝুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভুট্টা ক্ষেতে বিমানটি অবতরণ করে।
