আত্মহত্যা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর। মায়লাপুরে বৃহস্পতিবার নিজের বেড রুমে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। চন্দ্রশেখরের বয়স হয়েছিল ৫৭ বছর।
ভারতের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এ ছাড়া ৮১টি ফাস্ট ক্লাস ক্রিকেট ম্যাচ ও ৪১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন। অবসরের পরে চন্দ্রশেখর কোচিং এবং ধারাভাষ্যকারের কাজে যুক্ত ছিলেন।
অল্প সময়ের জন্য জাতীয় দলের নির্বাচকের পদও সামলেছেন চন্দ্রশেখর। এ ছাড়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যানেজারও ছিলেন টানা তিন বছর।
পুলিশ চন্দ্রশেখরের আত্মহত্যার কথা নিশ্চিত করেছে। যদিও প্রথমে জানা গিয়েছিল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তবে চন্দ্রশেখরের রুমে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রশেখর। যার কারণ ছিল দেনা। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দল ভিবি কাঁচি ভিরান্সের মালিক ছিলেন তিনি। এই দলের মালিক হিসেবে বেশ লোকসানের মুখে পড়েন চন্দ্রশেখর।
এর পরেই তাকে অবসাদ গ্রাস করে বলে ধারণা। একাধিক ঋণও ছিল তার নামে। ব্যাংক থেকে নোটিশও পাঠানো হয় তাকে। বন্ধক রাখা ছিল বাড়িও।
