জাতিসংঘের তোড়জোড় দেখে কাশ্মীর স্বাভাবিক করার চেষ্টায় ভারত

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৭:৪০ পিএম

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল থেকে রুদ্ধদ্বার বৈঠকের ঘোষণা আসার দিন কাশ্মীরের অধিকাংশ এলাকায় ফোনের নেটওয়ার্ক এবং স্কুল খোলার কথা জানিয়েছে সেখানকার প্রশাসন। জম্মু এবং কাশ্মীরের প্রধান সচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, আজকালের মধ্যে ফোনের সংযোগ দেওয়া হবে। স্কুল খুলবে সামনের সপ্তায়।

তিনি বলেন, ‘শুক্রবারের নামাজের পর আগামী কয়েকদিনে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। সপ্তাহ শেষের পরেই, এলাকা বিশেষে স্কুল খোলা হবে, যাতে শিশুদের পড়াশোনায় কোনও ব্যাঘাত না ঘটে।’

এদিকে পাকিস্তানের পর চীনের অনুরোধে সাড়া দিয়ে জম্মু-কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে জাতিসংঘ। শুক্রবার রাতেই সেখান থেকে আসতে পারে ঘোষণা।

এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে ভারত ও পাকিস্তানকে কোনো ধরনের সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছিলেন। কঠোর সামরিক পরিস্থিতিতে জনজীবনে কড়াকড়ি আরোপের খবরে তিনি উদ্বিগ্ন বলেও জানান।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত