আগামী ১৯ হতে ২৫ আগস্ট স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড আরচারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ। এই আসরে বাংলাদেশ থেকে জুনিয়র ও ক্যাডেট ক্যাটাগরিতে ৮ আরচার অংশ নেবে। শনিবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
৫ জন বালক ও ৩ জন বালিকা আরচার রয়েছেন স্পেনগামী দলে। তাদের সঙ্গে থাকবেন দুজন করে প্রশিক্ষক ও কর্মকর্তা।
বাংলাদেশ আরচারি দল রিকার্ভ জুনিয়র বালক একক ও দলীয়, রিকার্ভ ক্যাডেট বালক একক, রিকার্ভ ক্যাডেট বালিকা একক ও মিশ্র দলীয় এবং কম্পাউন্ড জুনিয়র বালক একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।
১৯ আগস্ট, সোমবার চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান। পরের দিন কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হবে।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রধান পৃষ্ঠপোষক সিটি গ্রুপের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ সেনাবাহিনী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে এই চ্যাম্পিয়নশিপের যাবতীয় ব্যয় নির্বাহ হবে।
বাংলাদেশ দল:
মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ-জুনিয়র বালক), মোহাম্মদ তামিমুল ইসলাম (রিকার্ভ-জুনিয়র বালক), মো: সাকিব মোল্লা (রিকার্ভ-জুনিয়র বালক), মেহনাজ আক্তার মনিরা (রিকার্ভ-জুনিয়র বালিকা), ঐশ্বর্য্য রহমান (কম্পাউন্ড-জুনিয়র বালক), প্রদীপ্ত চাকমা (রিকার্ভ ক্যাডেট বালক), মোসাম্মৎ ইতি খাতুন (রিকার্ভ ক্যাডেট বালিকা), দিয়া সিদ্দিকী (রিকার্ভ ক্যাডেট বালিকা)।
কোচ ও কর্মকর্তা: মার্টিন ফ্রেডারিক (প্রধান কোচ), জিয়াউল হক (সহকারী কোচ), রাশীদুল হাসান (দলনেতা), রশিদুজ্জামান সেরনিয়াবাত (টিম ম্যানেজার)।
