দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে রোববার রাতে যাত্রীবোঝাই লঞ্চ ও ফেরির মধ্যে সংঘর্ষে অল্পতে প্রাণে বেঁচে গেছেন দেড়-শতাধিক লঞ্চ যাত্রী।
রাত ৮ টার দিকে শিমুলিয়াঘাটের অদূরে লৌহজং টার্নিং পয়েন্টে এমভি আশিক নামে যাত্রীবোঝাই লঞ্চ ও ফেরি রানীক্ষেতের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মো. চৌধুরী জানান, রাতের লঞ্চ চলাচল নিষিদ্ধ থাকলেও এমভি আশিক নিয়ম বর্হিভূতভাবে কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীবোঝাই করে শিমুলিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।
এদিকে, শিমুলিয়াঘাট থেকে ফেরি রানীক্ষেত যানবাহন বোঝাই করে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লৌহজংয়েল বিকল্প চ্যানেলের মুখে লঞ্চ ও ফেরির মধ্যে ধাক্কায় লাগে।
তিনি দাবি করেন- বিকল্প এ চ্যানেলটি শুধু মাত্র ফেরি চলাচল করার কথা। বিকল্প এ চ্যানেলটি সরু। অথচ ফেরি চলাচলের ওই বিকল্প চ্যানেলের মুখে যাত্রীবোঝাই লঞ্চটি প্রবেশ করলে বিপরীতমুখো ফেরি রানীক্ষেতের মধ্যে ধাক্কা লাগে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি নিরাপদে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাটে গন্তব্যে পৌঁছেছে।
বিআইডব্লিউটিএর শিমুলিয়াঘাটে ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলেমান জানান, চ্যানেলটি সরু হওয়ায় ফেরির সঙ্গে লঞ্চের ধাক্কা লাগে। তবে এ ঘটনায় লঞ্চ ও ফেরির সকল যাত্রীই নিরাপদ রয়েছে।
