জনপ্রিয় লেখক সাদাত হোসাইন চলচ্চিত্রও নির্মাণ করেন। এর আগে শর্টফিল্ম বানিয়ে পুরস্কৃত হলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন। তাও আবার মিউজিক্যাল ফিল্ম।
জানা যায়, মুক্তির অপেক্ষায় রয়েছে সাদাত হোসাইন নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। সাদাত জানান এটাই সম্ভবত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম। ছবিটি শিগগিরই সেন্সরে যাবে।
দেশ রূপান্তরকে সাদাত হোসাইন বলেন, ‘ছবিটির শুটিং শুরু হয়েছিল এক বছর আগে। এডিটিং শেষ পর্যায়ে। শিগগিরই মুক্তি দেওয়ার চিন্তা করছি।’
এই ছবিতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফুর রহমান, তুলনা হারুন, তানজিকা আমিনসহ আরও অনেকে। সাদাত হোসাইনের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছে বাংলা ঢোল।
উল্লেখ্য, ২০১৬ সালে শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় সাদাত শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হিসেবে পুরস্কার পান। ২০১৭ সালে তিনি লাভ করে ‘এসবি-এসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’। এ বছর তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কার।
