মানিকগঞ্জে ৪৫০ বাসযাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মানিকগঞ্জ সদরের বাসস্ট্যান্ড থেকে জাগীর এলাকা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করে। এ সময় বিভিন্ন বাসচালক ও তাদের সহকারীদের কাছ থেকে ওই টাকা আদায় করে যাত্রীদের ফেরত দেওয়া হয়। অপরদিকে বেশ কয়েকটি যানবাহনকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে জরিমানা করা হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাওল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আবু দারদা।
ভ্রাম্যমাণ আদালত ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত যাত্রীসেবা, সেলফি, নীলাচল, এনএনবি, পদ্মা লাইনসহ বিভিন্ন পরিবহনকে ৯টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করে। এ ছাড়া ১০টি বাসের ৪৫০ জন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া হিসেবে নেওয়া ৩৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, আমাদের জেলা প্রশাসন ছাড়াও শিবালয় উপজেলা প্রশাসনের একাধিক টিম কাজ করেছে মহাসড়কে। তারপরও কিছু অসাধু বাস শ্রমিক ও মালিক যাত্রীদের হয়রানি, বেশি ভাড়া নিচ্ছে। যে পর্যন্ত মহাসড়কে চাপ থাকবে সে পর্যন্ত আমাদের টিম কাজ করে যাবে।
