রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন মিয়ানমারের তদন্ত দল

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৮:২০ পিএম

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে এদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর নির্যাতনের চিত্র সরেজমিন দেখতে উখিয়ার শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন মিয়ানমার তদন্ত প্রতিনিধি দল।

মঙ্গলবার সকালে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের ৬টি ব্লক, জি-১৮, জি- ১৯, জি-২০, জি-১, সি-১, সি-২ ব্লকের বিভিন্ন বাসস্থান ঘুরে দেখেন তদন্ত দল। একই সাথে জামতলি ক্যাম্পও পরিদর্শন করেন তারা।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে।

দুপুর ১টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যবসান কমিশনার আবুল কালামের সঙ্গে বৈঠকে বসেছেন।

কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ফিলিপাইনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রোজারিও মানালো। কমিশনের অন্য সদস্যরা হলেন মিয়ানমারের সাংবিধানিক ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান মিয়া থেইন, জাতিসংঘে জাপানের সাবেক স্থায়ী প্রতিনিধি কেনজো ওশিমা এবং ইউনিসেফের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড. অন তুন থেট।

তারা মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ও জামতলি ক্যাম্প পরিদর্শন করেন বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যবসান কমিশনার আবুল কালাম।

উল্লেখ্য, রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করেছে মিয়ানমার। ওই কমিশনের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে শনিবার বাংলাদেশে আসে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দল বালুখালী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ শেখ হাফিজুল ইসলামের কার্যালয়ে বৈঠক করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত