সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জওয়ান।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে এ ঘটনা ঘটে।
সেনা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, পাকিস্তানি সেনারা গুলি চালালে পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে প্রাণ হারান নায়েক রবি রঞ্জন নামে এক জওয়ান (৩৬)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও চার জওয়ান।
এর আগে গত ১৭ আগস্ট রাজৌরির নৌশেরা সেক্টরে পাকিস্তানি সেনাদের সঙ্গে গোলাগুলিতে প্রাণ হারান ল্যান্সনায়েক সন্দীপ থাপা নামে এক ভারতীয় জওয়ান।
গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন ও রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার ঘটনায় দু’দেশের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যে সীমান্তে কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষই হতাহতের দাবি করে আসছে।
