পাকিস্তানের কোচ কাম নির্বাচক হচ্ছেন মিসবাহ!

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৪:০৯ পিএম

মিকি আর্থারের সঙ্গে সম্পর্ক ছেদ ঘটানোর পর নতুন প্রধান কোচের সন্ধানে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে দেখা যেতে পারে বলে বিভিন্ন মাধ্যমে আগে থেকেই খবর। নতুন গুঞ্জন হলো, মিসবাহকে প্রধান কোচের পাশাপাশি প্রধান নির্বাচকের দায়িত্ব দিতে পারে বোর্ড!

লাহোরে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে ১৭ দিনের জাতীয় ক্যাম্প। এই ক্যাম্পে সরফরাজদের ফিটনেস দেখভালের বিষয়ে তত্ত্বাবধায়ক হিসেবে পিসিবি নিয়োগ করেছে মিসবাহকে। ১৭ দিনের ক্যাম্পে কার্যত পাকিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পিসিবি চাইছে, আর্থারের উত্তরসূরি হোক মিসবাহ। এখানেই শেষ নয়, প্রধান কোচের পাশাপাশি নির্বাচক প্রধান হিসেবেও মিসবাহকে প্রথম পছন্দ বোর্ডের। তবে এসব দায়িত্ব গ্রহণের বিষয়ে মিসবাহর বেঁকে বসার সম্ভাবনাও প্রবল।

সূত্রের খবর, লাহোরে জাতীয় ক্যাম্পের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণেও প্রথমে রাজি ছিলেন না মিসবাহ। রিহ্যাবের পরিবর্তে বোর্ডের চুক্তিবদ্ধ বেশ কিছু ক্রিকেটার চোট লুকিয়ে বিদেশের টি-টোয়েন্টি লিগে দাপিয়ে খেলে বেড়ানোর কারণে ক্ষুব্ধ ছিলেন তিনি। তবে বোর্ডের অন্যতম মুখ জাকির খানের সহায়তায় শেষমেশ তাকে শেষমেশ রাজি করানো সম্ভব হয় বলে জানা গিয়েছে।

পিটিআই সূত্রে বলা হয়েছে, ফখর জামান ও বাবর আজমের মত ক্রিকেটাররা যে ফিটনেস সমস্যায় জর্জরিত সেকথা ভালোই জানতেন মিসবাহ। তাই সাবেক অধিনায়কের কথায় বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র দেওয়ার পরিবর্তে পিসিবির উচিত ছিল তাদের রিহ্যাবের ব্যবস্থা করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত