বিশ্বকাপ সেমিতে ধোনির সেই ব্যাটিং নিয়ে যা বললেন শেওয়াগ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৬:১০ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। চাপের মুখে রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি শেষ দিকে ভালো লড়াই করলেও জয়টা হয়েছে কিউইদেরই। ম্যানচেস্টারের ওই সেমিফাইনালে ধোনি আরেকটু উপরের দিকে ব্যাট করলে ম্যাচের পরিস্থিতি বদলে যেতো বলে মনে করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেওয়াগ।

বৃষ্টির কারণে সেমিফাইনাল ম্যাচটা রিজার্ভ ডেতে গড়িয়েছিল। ৯ জুলাই নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস শেষ হলোও ভারত আর ব্যাটিংয়ে নামতে পারেনি। পরের দিন ব্যাট করে দলটি। ২৪০ রানের লক্ষ্যটা বিরাট কোহলি বাহিনী ছুঁতে পারেনি। ৩ বল বাকি থাকতেই তারা থামে ২২১ রানে। হার মানতে হয় ১৮ রানে।

মাত্র ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। কিন্তু এরপরও সবাইকে অবাক করে ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে কথা হয়েছে অনেক। এবার শেওয়াগও মুখ খুললেন।

বললেন, ‘যদি ধোনি নিউজিল্যান্ডের বিপক্ষে উপরের দিকে ব্যাট করতে আসত, তবে পরিস্থিতি ভিন্ন হতে পারত। ভারতের যখন ইনিংস গড়া দরকার ছিল, তখন ধোনিই অন্য সবার চেয়ে সেরা হতো।’

ম্যাচে পান্ডিয়াকে ছয় নম্বরে পাঠানো হয়েছিল। শেওয়াগের মতে পান্ডিয়া ছয় নম্বর পজিশনের চেয়ে সাতে খেললে বেশি ভালো হতো, ‘যখন গড়ে ৯ এর বেশি করে রান দরকার, তখন হার্দিকের নিচের দিকে যাওয়া উচিত ছিল। হার্দিক এবং পন্ত (রিশভ পন্ত) যদি নিচের দিকে ব্যাট করতো, তবে তারা অনেক বেশি রানরেটটাও চেজ করতে পারত।’

৯২ রানে ভারতের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ধোনি এবং জাদেজা ইনিংস গড়ার চেষ্টা করেন। সপ্তম উইকেটে ১১৬ রান যোগ করেন দুজন। জাদেজা ৭৭ ও ধোনি ৫০ রানে আউট হলে ভারতের জয় হাত ছড়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত