জি সেভেনে কাশ্মীর ইস্যু তুলবেন ট্রাম্প-ম্যাক্রোঁ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১০:৩৬ পিএম

ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি সেভেন সম্মেলনে কাশ্মীর ইস্যু তোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়ে আলোচনার কথাও জানিয়েছেন তিনি। ফ্রান্সের কর্মকর্তারাও জানিয়েছেন, এ সম্মেলনের সাইডলাইনে মোদির সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী ২৪ থেকে ২৬ আগস্ট ফ্রান্সের বিয়ারিৎসে ৪৫তম জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে যোগদানের উদ্দেশে আজ বৃহস্পতিবার ফ্রান্স যাচ্ছেন মোদি। সেখানে দৃশ্যত বাণিজ্য সংক্রান্ত বিষয়াদির পাশাপাশি কাশ্মীর পরিস্থিতি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ দূর করার চেষ্টা করবেন তিনি। তবে এর মধ্যেই কাশ্মীর ইস্যুতে ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসখানেক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তখন তার ওই প্রস্তাব নিয়ে ভারতে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত