দুবাই পালিয়ে গিয়েও রক্ষা পেল না কলকাতায় ২ বাংলাদেশির ঘাতক

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১১:৫৫ পিএম

কলকাতায় গাড়ি দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার মূল হোতা দুবাই পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। ওই ঘটনায় আরসালান পারভেজ নয়, দায়ী তার বড় ভাই রাগিব পারভেজ।

বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে কলকাতার গোয়েন্দা পুলিশ তাকে গাড়ি দুর্ঘটনার দায়ে গ্রেপ্তার করেছে।

জানা যায়, ১৭ আগস্ট কলকাতার অভিজাত এলাকা শেক্‌সপিয়ার সরণিতে ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন আরসালান চেইন রেস্তোরাঁর মালিকের বড় ছেলে রাগিব পারভেজ। রাগিব দুর্ঘটনা ঘটিয়ে পরদিন সকালের ফ্লাইটে দুবাই পালিয়ে গিয়েছিলেন।

কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মরলি ধর শর্মা সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি আরও বলেন, জাগুয়ার গাড়ির ডেটা অ্যানালাইসিস করে তথ্য নিশ্চিত করেন ফরেনসিক বিশেষজ্ঞরা এবং এরপরই পুলিশ তদন্ত শুরু করে এর সত্যতা পায়।

এর আগে শনিবার কলকাতা পুলিশ আরসালান রেস্তোরাঁর মালিকের বড় ছেলে আরসালান পারভেজকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই তাকে ২৯ আগস্ট পর্যন্ত রিমান্ড দিয়েছেন কলকাতার একটি আদালত।

এদিকে, পুলিশ কিসের ভিত্তিতে আরসালান পারভেজকে গ্রেপ্তার করেছিল সে প্রশ্ন ওঠে। খোঁজ নিয়ে জানা যায় বড় ছেলেকে বাঁচাতে আরসালান রেস্তোরাঁর কর্ণধার নিজেই নাকি ছোট ছেলেকে দোষ স্বীকার করতে বলেছিলেন। যদিও এই বিষয়ে সরকারি কোনও মন্তব্য পাওয়া যায়নি।

১৭ আগস্ট কলকাতার শেক্‌সপিয়ার সরণিতে বৃষ্টির কারণে একটি  ট্রাফিক পয়েন্টের পাশে মাইনুল আলম এবং ফারাহানা ইসলাম তানিয়া নামের দুজন বাংলাদেশি পর্যটক দাঁড়িয়ে ছিলেন। রাত পৌনে দুটোর সময় সেখানে একটি দ্রুতগামী জাগুয়ার গাড়ি অপর একটি মার্সিডিজ গাড়িতে ধাক্কা দেয়। এতে মার্সিডিজ গাড়িটি আঘাতে  ট্রাফিক গার্ড শেডটি ভেঙে চাপা পড়েন বাংলাদেশি দুজন। ঘটনাস্থল থেকে তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খুন এবং সরকারি সম্পদ বিনষ্ট করার অপরাধে জামিন অযোগ্য ধারায় মামলা করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত