সড়ক দুর্ঘটনায় আহত ভারসাম্যহীন নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন শরীয়তপুর সদরের পালং মডেল থানার এসআই মো. আতিয়ার রহমান। অজ্ঞাতপরিচয় আনুমানিক ৪২ বছর বয়সী ওই নারী শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
ওই নারী তার নাম-ঠিকানা কিছুই বলতে পারেন না।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আংগারিয়া বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেসময় মোটরসাইকেল চালকও আহত হন।
হাসপাতালে আনা হলে এসআই আতিয়ার রহমান চিকিৎসাধীন ওই নারীর খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। অসুস্থ রোগীকে মঙ্গলবার ও বুধবার কয়েকবার দেখতে যান। তাকে প্রয়োজনীয়্ ওষুধপত্র ও তিন সেট পোশাক কিনে দেন।
এসআই আতিয়ার রহমান বলেন, অসহায় আহত ভারসাম্যহীন অসুস্থ নারীর আপন বলতে কাউকে পাওয়া যায়নি। তাই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছি। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হবে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী রাস্তা পার হওয়ার সময় সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশাভোগ গ্রামের শাহীন বেপারীর মোটরসাইকেলে ধাক্কা লাগে। তখন সে পাকা সড়কে পড়ে যায়। তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ পুরোপুরি ভেঙে যায় ও মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়ে।
মোটরসাইকেল চালক শাহীনও আহত হন। শাহীন ওই নারীকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপতালে ভর্তি করান। খবর পেয়ে এসআই আতিয়ার রহমান আহত নারীকে দেখতে ছুটে যান। পুলিশ সদস্য, চিকিৎসক ও রোগীদের উপস্থিতিতে নারীর চিকিৎসার দায়িত্ব নেন আতিয়ার।
