ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০১:৩২ পিএম

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন। শারীরিক অসুস্থতা নিয়ে কিছুদিন আগে তিনি দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।

বর্ষীয়ান নেতা অরুণ ছিলেন প্রথম মোদি সরকারের অর্থমন্ত্রী। তার মৃত্যুতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পর আরেক নক্ষত্রের পতন ঘটল বিজেপির রাজনীতিতে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শ্বাসকষ্টজনিত সমস্যায় ৯ আগস্ট সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)  ভর্তি করা হয় অরুণ জেটলিকে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয় মেডিকেল টিম। এরপর তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার তার অবস্থার অবনতি হয়।

কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অরুণ জেটলি। ২০১৮ থেকে কিডনি সমস্যা থেকে ভুগতে থাকেন তিনি। কিডনি প্রতিস্থাপনও হয়।

তারপর ধরা পড়ে ক্যানসার। সেই মারণ রোগের চিকিৎসার জন্য পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। সে কারণে ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী হয়েও প্রথম মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করতে দেখা যায়নি তাকে। দ্বিতীয়বার মোদির সরকার ক্ষমতায় ফিরলে মন্ত্রিত্বের দৌড় থেকে সড়ে দাঁড়ান বিজেপির এই বর্ষীয়ান নেতা। তবে দলের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

২০১৪ সালে অমৃতসর থেকে লোকসভা নির্বাচনে লড়েও হেরে যান অরুণ জেটলি। তারপরও মন্ত্রিসভায় জায়গা পান শুধুমাত্র অভিজ্ঞতার জন্যই। পরে রাজ্যসভা থেকে জিতে আসেন। শুরুর দিকে তিনি প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত