জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০৮:৩৫ পিএম

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি আবদুস শহীদ ওরফে ফুলু (২৫) নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফুলু মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ধর্মদেহী গ্রামের নানু মিয়ার ছেলে। নিহত ফুলুর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে।  

শনিবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত সোয়া ১টার সময় জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামের প্রবাসী আবদুল করিমের বাড়িতে ডাকাতির উদ্দেশে একদল ডাকাত জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুন নাসেরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ২টার দিকে পুলিশ মরিচা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছামাত্র ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। তখন আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে স্থানীয় লোকজন প্রবাসী আবদুল করিমের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ফুলুকে দেখতে পেয়ে চিৎকার করলে পুলিশ গিয়ে পাইপগানসহ তাকে আটক করে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে ১টি লম্বা রাম দা, ১টি ছোরা, ১টি দরজা ভাঙার রড উদ্ধার করে।

নিহত ফুলুর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নিহত ফুলুর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে।

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে সিলেট জেলার সকল থানার সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত