কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অস্ত্র ঠেকিয়ে এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ছিনতাই এবং সঙ্গে থাকা তার নারী সহপাঠীকে থাপ্পড় দেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সানসেট ভ্যালিতে এই ঘটনা ঘটে।
ঘটনার শিকার অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বলেন, দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র দেখিয়ে আমার হাতে থাকা ‘অপ্পো-এ৭১’ ফোনটি কেড়ে নেয় এবং সহপাঠীকে থাপ্পড় দিয়ে চলে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীরা আমাকে কিছু জানায়নি। ভিন্ন সূত্রে ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করেছি। পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে শিগগিরই ক্যাম্পাসে নিরাপত্তা টহল বৃদ্ধি করা হবে।’
