খুলনা মহানগরীর শেখপাড়া লোহাপট্টি এলাকায় এক শিশু (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে নগরীর একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনার পর থেকেই অভিযুক্ত আশিক (২০) পলাতক রয়েছে।
শিশুটির মা জানান, শেখপাড়া লোহাপট্টি এলাকায় শাহজাহানের বাড়িতে ভাড়া থাকে মেয়েটির খালা। খালার সাথে একই বাসায় নানিও থাকেন। গতকাল শিশুটি নানিকে দেখতে যায়। সেখানে খালাতো ভাই আশিক তাকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকার শুনে বাড়িওয়ালা স্থানীয়দের জানায়। পরে শিশুটিকে নিয়ে সোনাডাঙ্গা থানায় গেলে রাত সাড়ে ১০টায় পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাকিল আহমেদ বলেন, শিশুটির মা অভিযোগ করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
