যৌতুক না দেওয়ায় প্রবাসী স্ত্রীকে সিগারেটের ছ্যাঁকা

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:৩৫ এএম

ভোলায় যৌতুক না দেওয়ায় প্রবাসী স্ত্রীকে সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নির্যাতনের শিকার তাসলিমা বেগম (৩০) সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কামাল হোসেনের (৩৫) স্ত্রী। এ ঘটনায় গত রবিবার রাতে মামলা হয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন তাসলিমা জানান, ১৬ বছর আগে প্রেমের সম্পর্কে তারা পালিয়ে বিয়ে করেন। কামালের পরিবার তাকে মেনে নেয়নি। তাই তিনি বাবার বাড়ি ভোলার ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন। কামালও সেখানে নিয়মিত যাতায়াত করত। পরে তাদের একমাত্র সন্তান রাব্বি (১৩) জন্ম নেয়। এরপর কামাল তাকে বিদেশ যাওয়ার জন্য চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় তাকে মারধর করত। পরে বাধ্য হয়ে তিন বছর আগে তিনি জর্ডান যান। দুই বছর পর দেশে ফিরে আসায় কামাল ক্ষিপ্ত হয়। আবার যাওয়ার জন্য নির্যাতন চালাতে থাকে।

তিনি আরও জানান, গত কয়েক মাস আগে কামাল তার কাছে যৌতুক হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। তখন তাকে বলি, ‘শ্বশুরবাড়ি এখনো যেতে পারিনি আর তুমি যৌতুক চাও।’ এ কথা বলার পর তিন মাস আগে তাকে জোর করে কামাল বাড়ি নিয়ে যায়।

তাসলিমা বলেন, ‘রবিবার দুপুরে কামাল আমার কাছে গাড়ি কেনার জন্য টাকা দাবি করে। দিতে অস্বীকার করায় শাশুড়ি ও স্বামী হাত, পা ও মুখ বেঁধে মারধর করে। কামাল হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে সিগারেটের ছ্যাঁকা দেয়। জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।’

এ বিষয়ে কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভোলা মডেল থানার ওসি ছগীর মিঞা বলেন, তাসলিমা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত