ভালো কাজের জন্য ২৬ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। জুলাই মাসে নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ হারুন অর রশীদকে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং রাজবাড়ীর ‘সদর’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। গতকাল সেগুনবাগিচার ঢাকা রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনায় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান তাদের পুরস্কৃত করেন। সভায় অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড অপরাধ) মো. আসাদুজ্জামান ও ১৩টি জেলার পুলিশ সুপারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসে ঢাকা রেঞ্জে ৩০৬৪টি মামলা রুজু হয়েছে, যা আগের মাসের তুলনায় ৩৭টি বেশি; গত বছরের জুলাই মাসের তুলনায় ৮৪৩টি মামলা কমেছে। মাদকদ্রব্য আইনে ১৫৭৭টি মামলা রুজু হয়েছে, যা আগের মাসের তুলনায় ২২৭টি বেশি। অস্ত্র আইনে আলোচ্য মাসে সাতটি মামলা রুজু হয়, যা জুন মাসের তুলনায় পাঁচটি কম।
সভায় ডিআইজি আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেন।
