কৃষ্ণের মতো বাজানো সুরেলা বাঁশি শুনলে গরু বেশি দুধ দেয় বলে দাবি করেছেন ভারতের আসাম রাজ্যসভার বিধায়ক দিলীপ কুমার পাল।
নিজের এই দাবি গবেষণাগারে পরীক্ষিত সত্য বলেও জানিয়েছেন শিলচরের এই বিজেপি বিধায়ক।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ জানায়, গত শনিবার বরাক উপত্যকার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গরু সম্পর্কে এই অভিনব তথ্য জানান দিলীপ কুমার।
মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নৃত্য ও সংগীতের সদর্থক প্রভাব সম্পর্কে বলতে গিয়ে সভার শ্রোতাদের জানিয়েছি, যদি কৃষ্ণের অনুকরণে বাঁশির সুর শোনানো যায়, তবে গরু অনেক বেশি দুধ দেয়। বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত হয়েছে।’
এই বিজেপি বিধায়কের দাবি, গুজরাটের এক এনজিও কয়েক বছর আগে বাঁশির সুরের সঙ্গে দুধ উৎপাদনের যোগসূত্র পরীক্ষা করে সদর্থক প্রমাণ পেয়েছে। কিন্তু হিন্দু দেবতার বাঁশিতে বাঁধা সুর কি ভিন্ন ধর্মাবলম্বী বিদেশি গরুদের পছন্দ হবে?
তিনি আরও বলেন, ‘বিদেশি গরুর ধবধবে সাদা দুধের চেয়ে হালকা হলদে রঙের ভারতীয় গরুর দুধের মান অনেক সুস্বাদু ও স্বাস্থ্যকর। এই দুধ থেকে তৈরি মাখন, চিজ, পনির বিদেশি পণ্যের তুলনায় গুণমানে অনেক ভালো।’
এসময় বাংলাদেশে গরু পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিলীপ কুমার বলেন, ‘গরুকে আমরা গো-মাতা ডাকি। কিন্তু প্রতি বছর হাজার হাজার গরু বাংলাদেশে পাচার হচ্ছে। এই রেওয়াজ বন্ধ করতে হবে।’
