মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
‘বঙ্গবন্ধুকে জানি’ বিষয়ের ওপর শিক্ষকদের তত্ত্বাবধানে সরাসরি মুক্তিযোদ্ধাদের মুখে জাতির জনক ও মুক্তিযুদ্ধের কাহিনি শোনে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এমন একটি ক্লাসে অংশ নেয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের চারজন শিক্ষক এবং ১০ জন শিক্ষার্থীর একটি করে দলে বিভক্ত হয়ে মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে নিয়ে যান। সেখানে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পূর্ব নির্ধারিত ৩১ টি বিশেষ প্রশ্নের উত্তর গ্রহন করে শিক্ষার্থীরা তা খাতায় লিপিবদ্ধ করে।
বেলা ১১ টার দিকে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি দল বাগাতিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কছিম উদ্দিনের বাড়ি তকিনগর গ্রামে যান। সেখানে প্রায় ঘণ্টব্যাপী মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় তুলে ধরেন মুক্তিযোদ্ধা কছিম উদ্দিন।
পরে দলটি একই গ্রামের মধ্যপাড়ার বীর মুক্তিযোদ্ধা আলতাফ আলীর বাড়িতে যান। সেখানে একাত্তরে দশম শ্রেণিতে পড়ুয়া আলতাফ আলী নিজের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কাহিনি জানান। ভারতে প্রশিক্ষণ গ্রহন করে ৭ নম্বর সেক্টরের অধীনে সম্মুখ ও গেরিলা যুদ্ধের কাহিনি বর্ণনা করেন।
বিশেষ ক্লাস দলের প্রধান এবং তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক খাইরুল ইসলাম জানান, সরকারি নির্দেশনার আলোকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে শিক্ষার্থীদের পরিচয়ের পাশাপাশি যুদ্ধকালীন সময়ের কাহিনি জানাতে এ বিশেষ ক্লাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্বচ্ছ ধারণা গড়ে উঠবে। তাছাড়া শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে।
