পিএসজি তারকা নেইমারকে আবার দলে টানার ব্যাপারে ক্লাবটির সঙ্গে বার্সেলোনার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির পরিচালক জাভিয়ের বোরদাস। তবে এখনই চূড়ান্ত কিছু হয়নি।
নেইমারকে দলে টানার প্রস্তাব নিয়ে বার্সেলোনার প্রতিনিধি হিসেবে বোরদাস, অস্কার গ্রাউ, এরিক আবিদাল ও আন্দ্রে কারি মঙ্গলবার প্যারিসে যান। পিএসজির পরিচালকদের সঙ্গে বৈঠকে মিলিত হন তারা। নেইমারকে কাম্প নউয়ে ফেরত আনতে পিএসজির সঙ্গে দর-কষাকষিও হয়েছে বার্সেলোনা প্রতিনিধিদের।
এ ব্যাপারে বোরদাস বলেন, “এখনো কোনো চুক্তি হয়নি। আমরা দর-কষাকষি করছি। আমরা আরও কাছে চলে এসেছি।”
নেইমার ইস্যুতে দুই ক্লাব আবারও আলোচনায় বসতে পারে বলে জানা গেছে। লে পারসিয়ান নামে প্যারিসের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমারের জন্য বার্সেলোনা ১৭ কোটি ইউরো প্রস্তাব করেছে। এই অর্থ দুই কিস্তিতে পরিশোধ করতে চায় তারা।
এই দল-বদলে বড় অঙ্কের অর্থের পাশাপাশি ফরাসি ফরোয়ার্ড উসমানে দেম্বেলেকেও দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। কিন্তু এসব প্রস্তাবে পিএসজি সন্তুষ্ট নয় বলে জানা গেছে।
বার্সেলোনা ছাড়াও নেইমারের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসও। কিন্তু ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জানিয়েছেন, তার ইচ্ছা কেবল বার্সেলোনাতেই ফিরে যাওয়া।
