জাবি উপাচর্যের সঙ্গে ছাত্রলীগের বৈঠক নিয়ে বিব্রত টিআইবি

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৯:১৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের প্রশ্নবিদ্ধ বৈঠক বিব্রতকর বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে টিআইবি, চলমান উন্নয়ন কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে। 

দুর্নীতিবিরোধী সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, উন্নয়নকাজের দরপত্র প্রক্রিয়া ইত্যাদিতে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের সঙ্গে অনৈতিক লেনদেনের ভাগবাটোয়ারাসহ গুরুতর অনিয়ম, স্বচ্ছতার ঘাটতি ও দুর্নীতির অভিযোগের দ্রুত বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করছে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশানুরূপ জবাব দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, জাবিতে উন্নয়ন কার্যক্রমের দুর্নীতি বিষয়ক বিভিন্ন বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন তাদের নৈতিক অধিকার এবং এ বিষয়ে তাদের সকল জিজ্ঞাস্য ও দাবিসমূহ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ গ্রহণ না করতে পারা অনভিপ্রেত ও বিব্রতকর। 

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকা এবং উল্লিখিত অনিয়ম-দুর্নীতির অভিযোগসমূহ সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত