শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১১:৪৭ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত চলবে।

গত বুধবার শাবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।    

উপাচার্য জানান, এ বছর ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় শুরু হয়ে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন করতে হবে অনলাইনে। বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ৬১৩টি, বি ইউনিটের ৯৯০টি ও ১০০টি সংরক্ষিত আসনের বিপরীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ও ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।

আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বহু নির্বাচনি প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত