চট্রগ্রামের বাশঁখালীর চাম্বল ইউনিয়নের ছড়ারকুল এলাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মালয়েশিয়া ফেরত মো. ইরান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
সে চাম্বলের জঙ্গল চাম্বল এলাকার সাবেক ইউপি সদস্য মো. সিরাজ ফকিরের ছেলে।
শুক্রবার ভোরে চাম্বলের ছড়ারকুল এলাকায় এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে র্যাব-৭ জানায়।
র্যাব সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই মো. ইরানের মৃত্যু হয়। সে পাঁচ-ছয় মাস আগে মালয়েশিয়া থেকে ফেরে। মো. ইরান এলাকায় ডাকাতিসহ নানা অপরাধে জড়িত। সে অনেকগুলো মামলার আসামি। বৃহস্পতিবার রাতে দল নিয়ে তার ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাব সেখানে অবস্থান নেয়। শুক্রবার ভোরে র্যাবের উপস্থিতি টের পেয়ে ইরানের লোকজন র্যাবকে লক্ষ করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ইরানের মৃত্য হলেও বাকিরা পালিয়ে যায়।
র্যাব ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১৩টি অস্ত্রসহ বেশ কয়েকটি দা-ছুরি উদ্ধার করে বলে জানায়।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলার তথ্য নিশ্চিত করে পুলিশ।
বাশঁখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে।
২৮ জুলাই একই এলাকায় জাকের আহমদ নামে অপর এক ডাকাতও র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়।
