খাওয়ার সময় হঠাৎ করেই মাথার ওপর থেকে খসে পরে সিলিং ফ্যান। অল্পের জন্য রক্ষা পায় এক ছাত্রী।
শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর প্রীতিলতা হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে।
এ সময় অল্প কয়েকজন ছাত্রী খাবার গ্রহণ করছিল বলে বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী এক ছাত্রী জানান, ফ্যানের নিচেই বসেছিলাম। ফ্যানটা ভেঙে গিয়ে আমার পাশের চেয়ারে পড়ল। দুটো চেয়ার একসঙ্গে জোড়া দেওয়া ছিল। ফ্যানটি আমার পাশের চেয়ারে পড়েছে। আমি ধাক্কা খেয়ে উঠে যাই। পাশের চেয়ারটায় বসলে ফ্যানটা আমার মাথাতেই পড়ত।
এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাইনিং কক্ষের ফ্যানগুলো অনেক পুরনো। এগুলো মেরামত করা হয় না। যে কোন সময় আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা জানান, আজ (শনিবার) ছুটির দিন। অফিসও বন্ধ। আমি বাইরে আছি। আর কেউ আমাকে কিছু বলেনি। জানলে বলতে পারব।
