ফেসবুকে পরিচয়। পরে দেখার পর প্রেম, অতঃপর কোর্টের মাধ্যমে বিয়ে। কিছুদিন যেতে না যেতেই প্রেমিক থেকে স্বামী হওয়া যুবক যোগাযোগ কমিয়ে দিতে থাকে।
কিছু বুঝে উঠেতে না পেরে শেষ পর্যন্ত সেই প্রেমিককে খুঁজতে মেহেরপুর থেকে প্রেমিকা (২২) নে্ত্রকোনার কেন্দুয়া উপজেলায় চলে এসেছে। শনিবার প্রথমে তিনি প্রেমিকের বাড়িতে আসেন। তার আগেই খবর পেয়ে সটকে পড়েন প্রেমিক রাজু খান (২৬)। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে হতাশ প্রেমিকা দ্বারস্থ হন কেন্দুয়া থানা পুলিশের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কলেজ পড়ুয়া মেয়ে হীরা খাতুনের সঙ্গে ফেসবুকে কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের আব্দুল্লাহর ছেলে রাজু খানের পরিচয় হয়।
তাদের পরিচয় এক সময় প্রণয়ে পরিণত হয়। একপর্যায়ে তারা কোর্টের মাধ্যমে বিয়ে করে বলে জানান তরুণী। দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও দেখান স্থানীয়দের।
ধীরে ধীরে তাদের সম্পর্কের অবনতি হলে রাজু প্রেমিকাকে এড়িয়ে চলতে শুরু করেন। এমনকি বিয়ের কথা অস্বীকার করলে শনিবার প্রেমিকা বাড়িতে অবস্থান নিলে সুচতুর প্রেমিক রাজু পালিয়ে যায়। প্রেমিকা রাজুর বাড়িতে সন্ধ্যা পর্যন্ত অবস্থানের পর কেন্দুয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানান।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামানের সঙ্গে শনিবার রাত সাড়ে ১০টায় ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হীরা খাতুনের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু প্রেমিকা ও বিয়ের ঘটনা এই থানা এলাকার না তাই মামলা নিতে পারছি না। যদি সংশ্লিষ্ট এলাকায় মামলা হয় এবং সেখানকার নির্দেশনা পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।
