ঘূর্ণিঝড় ডোরিয়ান আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৫ মাত্রায় রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের বাহামা দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে বলে দেশটির জাতীয় ঘূর্ণিঝড় সেন্টারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনবিসি নিউজ।
আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপগুলোতে প্রবল জলোচ্ছ্বাস এবং পরবর্তী দুই দিন টানা বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়। ঘণ্টায় ১৬০ মাইল বেগে বাহামায় আঘাত হানার পর ডোরিয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
‘ধ্বংসাত্মক, বিপজ্জনক’ ঝড় থেকে মুক্তি পেতে আবাকো ও গ্রান্ড বাহামাসের বাসিন্দাদের প্রতি মিনতি জানিয়ে তাদের মূল দ্বীপে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি আপনাদের মনে করিয়ে দিতে চাইÑ বাড়ি, স্থাপনা ফের বানানো যাবে, কিন্তু প্রাণ ফিরে পাওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, ২১ হাজার বাড়ি ও ৭৩ হাজার লোক ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসের হুমকির মুখে আছে।
শনিবার রাতে মিয়ামিভিত্তিক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডোরিয়ান ঘণ্টায় একটানা সর্বোচ্চ ১৫০ মাইল (২৪০ কিলোমিটার/ঘণ্টা) বাতাসের বেগ নিয়ে পাক খাচ্ছে এবং আবাকো থেকে প্রায় ১৫৫ মাইল (২৪৫ কিলোমিটার) দূরে আছে।
