ভোলায় দেনার চাপে মো. নূরন্নবী (৫৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে পুলিশ গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহত নূরন্নবী ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে। তিনি ওই এলাকার কাজিরহাট বাজারের মুদি দোকানের মালিক।
বোরহানউদ্দিন থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নূরন্নবী দীর্ঘ দিন ধরে ওই উপজেলার কাজিরহাট বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন। ব্যবসা পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের কাছে প্রায় ৫/৬ লাখ টাকা বাকি পড়ে যায়। সে টাকা না ওঠাতে পেরে ব্যবসা পরিচালনা করতে তার সমস্যা সৃষ্টি হয়। বাধ্য হয়ে নুরনবী বিভিন্ন এনজিও ও স্থানীয়দের থেকে সুদে প্রায় ৮/১০ লাখ টাকা ধার নেন।
এভাবেই বাড়তে থাকে তার ঋণের বোঝা। গত কয়েক দিন ধরে এনজিও ও স্থানীয় পাওনাদাররা সুদে নেওয়া টাকা পরিশোধ করতে চাপ দিচ্ছিলেন।
একদিকে টাকা পরিশোধের চাপ অন্যদিকে দোকানে মালামাল না থাকায় বেচা-বিক্রি হচ্ছে না। এ ছাড়া তার বাকি টাকাও না ওঠায় তিনি অনেক দুশ্চিন্তায় ছিলেন। এতে তিনি সোমবার ভোরের দিকে তার দোকানের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সকালের দিকে স্ত্রী নূরন্নবীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
