‘কালো জাদুর’ অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৮ পিএম

তথাকথিত গণপিটুনি বাংলাদেশে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভারতে থামছে না। এবার দেশটিতে ‘কালো জাদু’ করার অভিযোগে এক বৃদ্ধকে পাথর দিয়ে থেঁতলে মেরেছে গ্রামবাসী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারডাগা জেলার ঝালজামেন্দ্র গ্রামে।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শাহনাই ওরাঁও (৫২)। ঘটনার সূত্রপাত এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে। ওই গ্রামেরই এক বাসিন্দা বিরসা ওরাঁওয়ের মৃত্যু হয়। একমাত্র শাহনাই ছাড়া গ্রামের সবাই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়েছিলেন।

গোটা গ্রাম যেখানে অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হয়েছে, শাহনাই কেন এলেন না? এখান থেকেই গ্রামবাসীদের মধ্যে এই ধারণা জন্ম নেয়, বাড়িতে বসে নিশ্চয়ই ‘কালো জাদু’ করছে শাহনাই!

পুলিশ জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার শেষে গোটা গ্রামের রাগ গিয়ে পড়ে শাহনাইয়ের উপর। তাকে বাড়ি থেকে টেনে বার করে প্রথমে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। প্রবল মারের চোটে জ্ঞান হারান শাহনাই। তখনই গ্রামবাসীরা পাথর দিয়ে তার মাথা থেঁতলে দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এর পর গ্রামবাসীরা তার দেহ গ্রামেরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ফেলে আসে।

গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শাহনাইয়ের ছেলের বয়ানের ভিত্তিতে একটি অভিযোগও দায়ের করে পুলিশ।

পুলিশ বলছে, কালো জাদুর ধারণা থেকে শাহনাইকে খুন করা হয়েছে নাকি এর পেছনে ব্যক্তিগত কোনো শত্রুতা আছে সেটা খতিয়ে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত