ভিক্ষা না দেওয়ায় নোবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রীকে যৌন হয়রানি করায় নুরনবী (৬০) নামে এক ভিক্ষুককে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম এ দণ্ড দেন।

ভুক্তভোগী ছাত্রী লিখিত অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোয়াখালীর সুধারাম থানায় বিষয়টি জানান। পরবর্তীতে সুধারাম থানা পুলিশ মাইজদী থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদ করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আসামিকে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়। আদালত দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ১৮০৯/৬০৯ দণ্ডবিধির ধারায় ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, সোমবার সকাল ৮টা ৪০ এর দিকে ক্যাম্পাসের দিকে যাওয়ার সময় ওই লোক আমার সামনে এসে বলে, ‘মা কিছু টাকা দেন’। ভাংতি টাকা না থাকায় বলি, ‘এখন নাই মাফ করেন’।

লিখিত অভিযোগে ওই ছাত্রী জানায়, ‘এরপর ওই ভিক্ষুক আমার হাত ধরে। আমি কোনোরকম হাতটা ছাড়িয়ে বাসে উঠব ঠিক তখনি পেছন থেকে খুব বাজেভাবে টাচ করে আমায়। আমি পেছন ফিরে বললাম সমস্যা কী আপনার? সে তখন খুব বাজে অঙ্গভঙ্গি দিয়ে রেপ করার হুমকি দেয়। আমাকে বাস থেকে নামতে দেখে দৌড়ে রাস্তার অপজিটে চলে যায়। এবং লাল সবুজ পরিবহন কাউন্টারের ভেতর ঢুকে যায়। আমাকে ছবি তুলতে দেখে লোকটা বাস কাউন্টার থেকে বের হয়ে হাসপাতাল রোডের দিকে দৌড় দেয় মুখে হাত দিয়ে’।

বিশ্ববিদ্যালয় প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এই ঘটনাটি ঘটেছিল ক্যাম্পাসের বাইরে। ভুক্তিভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ করার পর বিষয়টি আমাদের নজরে আসে। অভিযুক্ত নুরনবীকে হাতে পেয়ে আমরা সরাসরি সুধারাম থানায় যোগাযোগ করি। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদলতে দ্রুত বিচারের জন্য অভিযোগকারী শিক্ষার্থী এবং অভিযুক্ত দুজনকে পাঠাই। আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। 

নোয়াখালী সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার দেশ রূপান্তরকে বলেন, নুরনবী অশ্বদিয়া এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত নোয়াখালীর জেলা শরহ মাইজদীতে বিভিন্ন বাসযাত্রী থেকে শুরু করে নারীদের যৌন হয়রানি করত। আমাদের কাছে এর আগেও তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটির সঙ্গে যা ঘটেছে তা চরম পর্যায়ের। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক তাকে আটক করে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত