নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরী ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ একটি অভিযানকারী দল।
বুধবার ভোরে টাঙ্গাইল জেলার এলেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার আব্দুল কাদের শান্ত ও তার সহযোগী একই এলাকার আবু বক্কর সিদ্দিক শুভ।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) লে. কর্ণেল কাজী শামসের উদ্দিন জানান, গত ২৮ আগস্ট রাত সাড়ে দশটায় ফতুল্লা রেলস্টেশন এলাকার পনের বছর বয়সের এক কিশোরী সরিষার তেল কিনতে বাসার পার্শ্ববর্তী একটি মুদি দোকানে যায়। এ সময় রাজন নামে এক যুবক তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে রাজন ও তার বেশ কয়েকজন বন্ধু (শুভ, শান্ত ও অজ্ঞাত আরো ২/৩ জন) মিলে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করে এবং এ ব্যাপারে কাউকে কিছু না বলতে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
তবে ওই কিশোরী বাসায় গিয়ে বিষয়টি তার মাকে জানালে তার মা পরদিন ফতুল্লা থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে প্রধান আসামি রাজন সহ অন্যান্য আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়।
এদিকে এই ধর্ষণ মামলার বিষয়টি ব্যাপক আলোচিত হলে পুলিশের পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করে। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় র্যাব আসামিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বুধবার ভোরে টাঙ্গাইলে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল কাজী শামসের উদ্দিন আরো জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। এই মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
