কূটনীতিকদের কাছে নালিশে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পায়: তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৯ পিএম

মানুষ রাজনীতি করে জনগণের জন্য উল্লেখ করে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যদি তাদের কোন ওজর আপত্তি থাকে সেটা নালিশ দেবে বাংলাদেশের জনগণকে। তিনি বলেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে ঘনঘন নালিশ দিচ্ছে এটার মাধ্যমে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পায়।

তিনি বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন ২০১৯-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন।

উল্লেখ্য, বিএনপি নেতা ড. আবদুল মঈন খাঁনের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূতসহ কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠকে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন।

তথ্যমন্ত্রী বলেন, একজন নারী সাংবাদিককে হেনস্তা করার কারণে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী সাংবাদিক। ব্যারিস্টার মঈনুল হোসেন আপিল ডিভিশনে গিয়েছিলেন। আপিল ডিভিশন তাকে নিম্ন আদালতে হাজির হতে বলেছেন। নিম্ন আদালত তার জামিন বাতিল করেছেন। এটি সম্পূর্ণভাবে আদালতের বিষয়, রাজনৈতিক বিষয় নয়। এটাও তারা বিদেশিদের কাছে নালিশ দিয়েছেন।

তিনি বলেন, অথচ ড. কামাল হোসেনের মতো মানুষ যিনি আইন এবং আদালতের কথা বলেন। আইনের শাসনের কথা বলেন। তিনি আবার আদালতের বিরুদ্ধে গিয়ে বিদেশিদের কাছে অভিযোগ দেন এটি সত্যিই দুঃখজনক। এটার মাধ্যমে তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পাচ্ছে জনগণের কাছে।

নজরুল একাডেমি ঢাকার সভাপতি মিন্টু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহীত উল আলম, নজরুল ইনস্টিটিউট এর উপপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য, নজরুল একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফাহমিদা রহমান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ও ভারতের নজরুল সংগীতের বরেণ্য শিল্পীগণ, যার মধ্যে আছেন বাংলাদেশের ফেরদৌস আরা এবং ভারতের শিল্পী মঞ্জুষা চক্রবর্তী ও তুহিন পাল।

সাংবাদিকদের ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দুর্নীতির দায়ে শাস্তি প্রাপ্ত আসামি। তাকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি। কারাগারে তিনি যে ধরনের সুযোগ-সুবিধা পান ব্রিটিশ ভারত থেকে শুরু করে বাংলাদেশ ও পাক ভারতের ইতিহাসে কোন বন্দী এ রকম সুযোগ-সুবিধা পায়নি। ভারতের বিখ্যাত রাজবন্দীদের অনেক বই পড়েছি কোন বন্দী তার পছন্দসই গৃহপরিচারিকা রাখার সুযোগ পেয়েছে কিনা জানা নাই।

কক্সবাজারে এক রোহিঙ্গা তরুণী পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্কুল কলেজে পড়াশোনা করে বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করাসহ বিভিন্ন  সামাজিক সংগঠনের হয়ে নেতৃত্ব দিচ্ছেন বিষয়টিকে কিভাবে দেখছেন এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। কিন্তু তারা ধীরে ধীরে নানা অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে। এমনকি তারা সেখানে স্থানীয় জনগণের ওপর হামলা পরিচালনা করছে। কয়েকজন তাদের হাতে হত্যার শিকার হয়েছে। তারা ধীরে ধীরে যেভাবে বিধ্বংসী রূপ ধারণ করছে এটা অত্যন্ত ভাবার বিষয়।

তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যাতে বাংলাদেশে কোন ভাবে আইডি কার্ড ও পাসপোর্ট করতে না পারে, এ ব্যাপারে তাদের যাতে কেউ সহযোগিতা না করেন সে ব্যাপারে সরকারের স্পষ্ট নির্দেশনা আছে। তারা মিয়ানমারের নাগরিক। তাদের অনেকেরই বাংলাদেশি নাগরিক বনে যাওয়ার প্রচেষ্টা থাকে। এ ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তারা রাষ্ট্রের আইন ভঙ্গ করেছেন। অপরাধ করেছেন। এই রোহিঙ্গা তরুণীকে নাগরিক হতে ও স্কুল-কলেজে ভর্তি হতে যারা সুযোগ করে দিয়েছেন তারা সবাই আইন ভঙ্গ করেছেন, অপরাধ করেছেন।

নজরুল সম্মেলনে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চাওয়া সাম্য প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রচনা করেছেন। বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন।

তিনি বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন, দ্রোহের কবি ছিলেন। সেনাবাহিনীতে কাজী নজরুলের যোগ দেওয়ার অন্যতম একটা কারণ ছিল, তিনি মনে করেছিলেন সেনাবাহিনীতে গিয়ে যদি প্রশিক্ষণ নেয়া যায় তাহলে সে প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা সম্ভব হবে। সে কারণে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত