পাঞ্জাবে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ পিএম

ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল বুধবার বিকেলে আতশবাজি তৈরির ওই কারখানায় বিস্ফোরণের পর সেখানে আটকা রয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে অনেকের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গুরুদাসপুরের বাটলা এলাকায় ওই আতশবাজি তৈরির কারখানাটি অবস্থিত। বিস্ফোরণের পর আগুন নেভাতে ও ভেতরে আটক মানুষকে উদ্ধারে সেখানে হাজির হয়েছে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। রাজ্যের সরকারি কর্মকর্তারাও সেখানে উপস্থিত রয়েছেন।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, ‘বাটলায় আতশবাজি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে অনেকের নিহত হওয়ার খবর শোনার পর খুব খারাপ লাগছে। জেলা কালেক্টর এবং পুলিশের জ্যেষ্ঠ মহাপরিদর্শকের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চলছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত