প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ডোরিয়ানের হামলায় বাহামায় নিহতের সংখ্যা বেড়ে ২০ এ দাঁড়িয়েছে।
রবিবার স্থানীয় সময় মধ্যদুপুরে আঘাত হানা ঘূর্ণিঝড়টিতে ধ্বংসস্তূপে পরিণত হয় দ্বীপরাষ্ট্রটির কয়েকটি অঞ্চল।
ডেইলি সাবাহ জানায়, ডোরিয়ানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জন বলে নিশ্চিত করেছেন বাহামার স্বাস্থ্যমন্ত্রী ডুয়ানে স্যান্ডস।
এদিকে জাতিসংঘের মানবিক সহায়তার প্রধান মার্ক লোকোক জানান, অ্যাবাকো এবং গ্র্যান্ড বাহামায় ঘূর্ণিঝড় আক্রান্ত ৭০ হাজার মানুষের জরুরি জীবন রক্ষাকারী উপকরণের প্রয়োজন।
স্যান্ডস স্থানীয় রেডিওকে বলেছেন, “অ্যাবাকো এবং গ্র্যান্ড বাহামায় আরও প্রাণহানি ঘটতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।”
জলোচ্ছ্বাস ও বন্যা আক্রান্ত ঘরবাড়িগুলো তল্লাশি ও উদ্ধারকার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ দিকে লোকোক বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিসের সঙ্গে দেখা করেছেন। ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য জাতিসংঘ অতি সত্ত্বর ১০ লাখ ডলার সহায়তা দেবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
